কলকাতায় নারীদের নিরাপত্তার মিছিলে জয়া আহসান
কলকাতার চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করা বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানকে এবার দেখা গেছে শহরের এক প্রতিবাদী মিছিলে। ভারতে স্বাধীনতা দিবসের আগের রাতে নারীদের সুরক্ষার দাবিতে আয়োজিত এক রাজপথের কর্মসূচিতে অংশ নেন তিনি।
পশ্চিমবঙ্গের বিধায়ক অগ্নিমিত্রা পালের আহ্বানে অনুষ্ঠিত এই মিছিলে রাজনীতি, চলচ্চিত্র ও সংগীত জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ সামিল হন। মিছিলে জয়া আহসানকে অন্য আন্দোলনকারীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে স্লোগান দিতে ও কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ কপাট’ গানটি গাইতে দেখা যায়।
এই মিছিলে তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল এবং সংগীতশিল্পী ইমন চক্রবর্তী ও পৌষালী।
কর্মসূচির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়ার পর জয়া আহসানের উপস্থিতি নিয়ে নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অন্য দেশের নাগরিক হয়ে ভারতে এই ধরনের কর্মসূচিতে অংশ নেওয়া নিয়ে প্রশ্ন তোলেন একাংশ।
তবে উদ্যোক্তারা জানান, কলকাতার রাতের রাজপথকে নারীদের জন্য নিরাপদ করার লক্ষ্যেই সব ধরনের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। সার্বজনীন এই নারী অধিকার ও সুরক্ষা আন্দোলনের মিছিলে জয়ার অংশ নেওয়াকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতেই দেখছেন সাধারণ মানুষের বড় একটি অংশ।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: