হারিয়ে যাওয়া গ্রামীন ঐতিহ্য, কলাপাতায় অতিথি আপ্যায়ন
গ্রামবাংলায় একসময় বিয়ে বাড়ি কিংবা বড় কোনো মেজবানিতে অতিথিদের কলাপাতায় খাবার পরিবেশন করা হত। কিন্তু কালের বিবর্তনে আধুনিকতার ছোঁয়ায় কলাপাতায় খাবার পরিবেশন এখন আর তেমন চোখে পড়ে না। হারিয়ে যাওয়া এই ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কলাপাতায় খাবারের অনুষ্ঠান করা হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) জুমার নামাজের পর উপজেলার মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসা মাঠে এ খাবারের আয়োজন করা হয়।
জুমার নামাজ শেষে সেখানে গিয়ে দেখা গেছে, মসজিদের মুসল্লীদের কলাপাতায় গরুর মাংসের তরকারি ও ভাত পরিবেশন করা হচ্ছে। মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসার বারান্দায় মুসল্লীদের সারিবদ্ধভাবে বসিয়ে কলাপাতায় এ খাবার পরিবেশন করছে আয়োজকরা। বারান্দার মেঝেতে বসে কিংবা হাতে হাতে কলাপাতায় খাবার নিয়ে আনন্দের সঙ্গে খাচ্ছেন সবাই।
এসময় কথা হয় মাস্টার হাবিবুর রহমানের সঙ্গে।
তিনি বলেন, বহু বছর পর কলাপাতায় গরুর মাংসের তরকারি দিয়ে ভাত খেলাম। ছোটকালে তো সকল অনুষ্ঠানে গিয়ে কলাপাতায় খাবার খেতাম। প্রায় ৩০ বছর পর আজকে ছোটকালের আনন্দটা উপভোগ করলাম। এখন তো আর কলাপাতায় খাবার চোখে পড়ে না।
অনুষ্ঠানের আয়োজক আলাল উদ্দীন বলেন, আমরা ছোট বেলায় দেখতাম কলাপাতায় ক্ষীর, পায়েস ও গরুর গোস্ত দিয়ে ভাত খাওয়ানো হতো। এখন আর তা চোখে পড়ে না। হারানো দিনের এই গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কলাপাতায় গরুর মাংসের তরকারি দিয়ে ভাত খাওয়ার এ আয়োজন করেছি।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- হারিয়ে* যাওয়া,গ্রামীনঐতিহ্য
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: