ফরিদপুর শহরে সড়কে ভেঙ্গে পড়ল মেহগনি গাছ, অল্পের জন্য প্রাণ রক্ষা
ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুর শহরে সড়কের ওপর একটি মেহগনি গাছ ভেঙে পড়েছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন কয়েকজন যাত্রী।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী ২০২৬) দুপুরে শহরের সদর হাসপাতালের সামনে হঠাৎ করেই একটি বড় মেহগনি গাছ সড়কের ওপর ভেঙে পড়ে।
এ ঘটনায় রাস্তায় থাকা তিনটি অটোরিকশা গাছের নিচে চাপা পড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তবে সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
সরেজমিনে দেখা যায়, ঘটনাস্থলে আগে একটি পুরোনো দেয়াল ছিল। সেটি ভেঙে নতুন দেয়াল নির্মাণের কাজ চলছে। নির্মাণ কাজের জন্য গাছের গোড়া থেকে মাটি সরিয়ে ফেলা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কাজের সময় গাছের পাশে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে গাছের গোড়া দুর্বল হয়ে পড়ে এবং হঠাৎ করেই সেটি ভেঙে পড়ে।
এই ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোচালক তুষার বেপারী, চুন্নু বেপারী ও মামুন মিয়া সাংবাদিকদের জানান, সকালে যাত্রী নিয়ে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই গাছটি তাদের অটোরিকশার ওপর ভেঙে পড়ে। এতে অটোরিকশাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও যাত্রীরা অক্ষত থাকেন।
ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাছটি কেটে দ্রুত সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে, শহরের গুরুত্বপূর্ণ সড়কের পাশে থাকা পুরোনো ও ঝুঁকিপূর্ণ গাছগুলো নিয়মিত পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, যথাযথ নজরদারি থাকলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- ফরিদপুর* শহরে,সড়কে
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: