বোয়ালমারীতে এক শিশু শিক্ষার্থীর আত্মহত্যা; এলাকায় শোকের ছায়া
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
বোয়ালমারীতে এক শিশু শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
ফরিদপুরের বোয়ালমারীতে মায়ের সঙ্গে সামান্য অভিমানকে কেন্দ্র করে দ্বিতীয় শ্রেণীর এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার এই হৃদয় বিদারক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
রবিবার (২৬ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ২টায় উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গী গ্রামে এ হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। নিহত শিশুটি আমগাছিয়াডাঙ্গী গ্রামের বাসিন্দা, হাটখোলারচর মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মো. মানোয়ার হোসেনের মেয়ে মাফুজা সাইদা মুনিয়া (৮) । সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল।
সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, মুনিয়া স্কুল থেকে বাড়িতে ফিরে দুপুরে মায়ের কাছে আরবী পড়ছিল। এসময় একটি তুচ্ছ বিষয় নিয়ে মায়ের সাথে রাগান্বিত হয়ে অভিমান করে সে নিজ ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে ঘরের ভেতরে খাটের স্ট্যান্ডে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় বলে জানা যায়।
নিহতের মা সালমা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, 'স্কুল থেকে এসে খাওয়া-দাওয়া শেষে আমার কাছে আরবি পড়ছিল। হঠাৎ রাগ করে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে আমরা জানালা ভেঙে ভেতরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় পাই।'
স্থানীয় বাসিন্দারা জানান, মুনিয়া ছিল মেধাবী ও শান্ত স্বভাবের একটি শিশু। এমন একটি ঘটনা তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না।
স্থানীয়রা বলেন, এত ছোট্ট একটি মেয়ে এমন সিদ্ধান্ত নিতে পারে -এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের ও অবিশ্বাস্য।
ময়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হক মৃধা বলেন, এতো অল্প বয়সে এমন মৃত্যু সত্যিই মর্মান্তিক ও অস্বাভাবিক। আমরা গভীরভাবে শোকাহত।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তবে বিষয়টি কে বা কারা পুলিশের উর্ধ্বতন কর্মকতাকে জানালে সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হন। ময়না তদন্তের জন্য লাশ ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে।
মেধাবী শিশু মুনিয়ার এই অকাল প্রয়ান মেনে নিতে পারছে তার পরিবারসহ এলকাবাসী।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: