• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. দূর্ঘটনা

পঞ্চগড়ে জামাই আপ্যায়নে ব্যর্থতার গ্লানি শাশুড়ির আত্মহত্যার চেষ্টা


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:০৪ পিএম;
পঞ্চগড়ে জামাই আপ্যায়নে ব্যর্থতার গ্লানি শাশুড়ির আত্মহত্যার চেষ্টা

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

 

পঞ্চগড়: দারিদ্র্যের কশাঘাত কতটুকু নির্মম হতে পারে, তার এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায়। বাড়িতে আসা আদরের মেয়ে ও জামাইকে দুমুঠো ভালো খাবার দিয়ে আপ্যায়ন করতে না পারার অভিমানে ও চরম মানসিক যাতনায় আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন আফরোজা (৪৫) নামে এক অসহায় নারী। বর্তমানে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের ফুটকি বাড়ী এলাকার বাসিন্দা আফরোজার পরিবার চরম অর্থকষ্টে দিনাতিপাত করছে। অভাবের তীব্রতা এতটাই যে, এই পরিবারের চাকা ঘোরে আফরোজার বৃদ্ধ মা হাজেরা খাতুনের ভিক্ষাবৃত্তির টাকায়।

সম্প্রতি আফরোজার বাড়িতে বেড়াতে আসেন তার মেয়ে আসমা ও জামাই সহিদ। কিন্তু ঘরে চরম অভাব থাকায় তাদের ন্যূনতম সমাদর বা আপ্যায়ন করতে পারছিলেন না আফরোজা। অভাবের এই গ্লানি ও দীর্ঘদিনের দারিদ্র্যের যাতনা সহ্য করতে না পেরে আজ রাত ৯টার দিকে সবার অলক্ষ্যে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন তিনি।

 

আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন "রোগীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাকে বাঁচাতে হলে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা প্রয়োজন।"

তবে রংপুর মেডিকেলে নেওয়ার পরামর্শ থাকলেও অর্থাভাবে নিঃস্ব পরিবারটি এখন দিশেহারা। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করার কোনো সামর্থ্যই তাদের নেই। টাকার অভাবে চোখের সামনে প্রিয়জনের জীবন প্রদীপ নিভে যাওয়ার শঙ্কায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্বজনরা।

আফরোজা ও তার পরিবারের এই চরম দুঃসময়ে সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের কাছে সাহায্যের হাত বাড়ানোর করুণ আবেদন জানিয়েছেন তার পরিবার। একটি সাধারণ আপ্যায়নের অক্ষমতা যেন একটি প্রাণের অকাল বিদায়ের কারণ না হয়—এমনটাই এখন স্থানীয়দের চাওয়া।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন