যান্ত্রিক ত্রুটির কারণে লাউয়াছড়া বনে এক ঘণ্টা আটকা ছিল কালনী এক্সপ্রেক্স
ঢাকা থেকে সিলেটগামী আন্তনগর ট্রেন ‘কালনী এক্সপ্রেস’ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় এক ঘণ্টা ধরে আটকা পড়েছিল।
শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে ট্রেনটি বনের মাঝখানে বিকল হয়ে পড়ায় গভীর অরণ্যে কয়েক শ যাত্রী চরম দুর্ভোগে পড়েন। পরে রাত ১০টায় ট্রেনটি লাউয়াছড়া অতিক্রম করে সিলেটের উদ্দেশে যাত্রা করে। ইদানীং কালনী ট্রেন ঘন ঘন বনে আটকা পড়ার ঘটনা ঘটছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ট্রেনটি রাত প্রায় ৯টার দিকে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ছেড়ে ভানুগাছ স্টেশনের উদ্দেশে রওনা হয়। লাউয়াছড়া বনের ভেতরে পৌঁছালে হঠাৎ ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং ট্রেনটি মাঝপথেই থেমে যায়। নির্জন বনের ভেতরে দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকায় নারী ও শিশুসহ সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা আটকা থাকার পর যান্ত্রিক ত্রুটি মেরামত করে কালনী ট্রেনটি সিলেটের উদ্দেশে ছেড়ে যায়।
ভানুগাছ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার গৌড় প্রসাদ দাস পলাশ জানান, কালনী এক্সপ্রেস ট্রেনটি যান্ত্রিক ত্রুটির কারণে রাত ৯টা থেকে লাউয়াছড়া বনের ভেতর আটকে পড়ে। পরে রাত ১০টায় ট্রেনটি সচল হয়ে সিলেটে চলে যায়।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
- বিষয়:
- যান্ত্রিক* ত্রুটির,কারণে
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: