বোদায় মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত: পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক
মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় দ্রুতগামী এক মোটরসাইকেলের ধাক্কায় মকছেদ আলী (৬৩) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার ধনিপাড়া এলাকার একটি ফিলিং স্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মকছেদ আলী উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের গাইঘাটা এলাকার বাসিন্দা ছিলেন। এ ঘটনায় ঘাতক মোটরসাইকেলের চালক ও বোদা থানায় কর্মরত পুলিশ সদস্য হুমায়ুন কবির গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে মকছেদ আলী তার বাইসাইকেল নিয়ে একটি পকেট রোড থেকে হাইওয়েতে উঠছিলেন। এ সময় বোদা থেকে পঞ্চগড় অভিমুখী একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন পুলিশ সদস্য হুমায়ুন কবির।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মকছেদ আলীকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, পুলিশ সদস্য হুমায়ুন কবিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক সঞ্জয় কুমার রায় জানান, "বাইসাইকেল আরোহী মকছেদ আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। অন্যদিকে আহত পুলিশ সদস্যের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার করা হয়েছে।"
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাইঘাটা এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের একটি অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের খবর তারা পেয়েছেন। এতে একজন স্থানীয় বাসিন্দা মারা গেছেন এবং তাদের একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান ডেস্ক
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: