• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

Advertise your products here

  1. বিনোদন

গভর্নর রাজি নন, আজ মুখ্যমন্ত্রীত্বের শপথ নেওয়া হচ্ছে না বিজয়ের


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৭ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:০৭ পিএম;
গভর্নর রাজি নন, আজ মুখ্যমন্ত্রীত্বের শপথ নেওয়া হচ্ছে না বিজয়ের

তামিলনাড়ুর রাজনীতিতে বড় ধাক্কা দিলেও এখনই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে পারছেন না অভিনেতা-রাজনীতিক বিজয়। সংখ্যাগরিষ্ঠতার ম্যাজিক ফিগার থেকে এখনও দূরে থাকায় সরকার গঠনে অনিশ্চয়তা তৈরি হয়েছে তাঁর দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-কে ঘিরে। তামিলনাড়ুর রাজ্যপাল অর্থাৎ, গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর এখনও প্রভাবিত নন যে, সরকার গঠনের মতো প্রয়োজনীয় সংখ্যা বিজয়ের দলের কাছে আছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হলেও এখনও পর্যাপ্ত সমর্থন নিশ্চিত করতে পারেনি টিভিকে। ফলে আজ বৃহস্পতিবার বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সম্ভাবনা কার্যত নেই।

তামিলনাড়ুর সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ১০৮টি আসন জিতে চমক দেখায় বিজয়ের দল। কিন্তু সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। কংগ্রেসের ৫ আসনের সমর্থন মিললেও সংখ্যাটা দাঁড়িয়েছে ১১২-এ। ফলে এখনও অন্তত ৬টি আসনের ঘাটতি রয়ে গেছে।

এদিকে গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর এখনও নিশ্চিত নন যে বিজয়ের হাতে সরকার গঠনের মতো প্রয়োজনীয় সমর্থন রয়েছে। এর মধ্যেই বিধানসভা ভেঙে দিয়ে তিনি কেরালার উদ্দেশে রওনা হয়েছেন, যেখানে অতিরিক্ত দায়িত্বেও রয়েছেন তিনি।

বুধবার গভর্নরের সঙ্গে বৈঠক করে সরকার গঠনের দাবি জানান বিজয়। তবে রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, কংগ্রেস ছাড়া আর কে কে টিভিকের পাশে দাঁড়াবে?

এরই মধ্যে নতুন জোট সমীকরণের গুঞ্জনও ছড়িয়েছে। আলোচনা চলছে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (এআইএডিএমকে)-র একটি অংশ টিভিকেকে সমর্থন দিতে পারে। দলটির ৪৭ জন বিধায়কের মধ্যে অন্তত ৩০ জন বিজয়ের পক্ষে যেতে আগ্রহী বলেও দাবি উঠেছে।

অন্যদিকে কংগ্রেসের সমর্থনের সিদ্ধান্তে ক্ষুব্ধ দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম (ডিএমকে)। দলটির অভিযোগ, কংগ্রেস ‘তামিলনাড়ুর মানুষের পিঠে ছুরি মেরেছে’। বিজেপিও সুযোগ হাতছাড়া করেনি। দলটির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা দাবি করেছেন, এই ঘটনাই বিরোধী জোট ইন্ডিয়া ব্লকের ‘শেষকৃত্য’।তবে সব হিসাব-নিকাশের কেন্দ্রেই এখন এক নাম—বিজয়। কারণ তাঁর দল টিভিকের উত্থানেই ভেঙে পড়েছে তামিলনাড়ুর দীর্ঘদিনের ডিএমকে বনাম এআইএডিএমকে দ্বিমেরু রাজনীতির সমীকরণ।

নির্বাচনে পরাজয়ের পর ইতোমধ্যেই মুখ্যমন্ত্রীর পদ ছেড়েছেন এম কে স্টালিন। আর সেই শূন্যস্থানেই এখন চোখ পুরো ভারতের—শেষ পর্যন্ত কি সরকার গড়তে পারবেন বিজয়?

দৈনিক পুনরুত্থান / বিনোদন ডেস্ক

এ সম্পর্কিত আরও পড়ুন