উন্নয়ন কেবল শুরু, আগামী ৫ বছরে আমূল পরিবর্তন দেখবে পটুয়াখালী-১: আলতাফ হোসেন চৌধুরী
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী-১ আসনে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। তিনি বলেছেন, “এই অঞ্চলে প্রকৃত উন্নয়নমূলক কাজের সূচনা কেবল হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে এ জনপদের মানুষ উন্নয়নের দৃশ্যমান ও ব্যাপক পরিবর্তন দেখতে পাবেন।”
গত রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিগত রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে আলতাফ হোসেন চৌধুরী বলেন, “গত এক যুগ ধরে দেশে কোনো প্রকৃত নির্বাচন হয়নি, হয়েছে সিলেকশন। সেই দুঃশাসন ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে দেশের ৩০ হাজারের অধিক মানুষ আহত এবং কয়েক হাজার ছাত্র-জনতা শহীদ হয়েছেন।”
তিনি আরও বলেন, ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।
বর্তমানে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এই পরিবেশ কোনো নির্বাচন কমিশন একা তৈরি করেনি; বরং এ দেশের সচেতন জনগণ ও সাধারণ মানুষের রক্ত ও ত্যাগের বিনিময়ে আজকের এই গণতান্ত্রিক পরিবেশ অর্জিত হয়েছে।” এ সময় তিনি ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে বিজয়ী হওয়ার কথাও উল্লেখ করেন।
দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দেলোয়ার হোসেন ফারুক মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন হাওলাদারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন—উপজেলা বিএনপির সহসভাপতি মো. আনোয়ার হোসেন সিকদার, মো. আমিনুল ইসলাম খোকন, সদস্য মো. মোস্তাফিজুর রহমান, নূর হোসেন মৃধা, সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ফরাজি এবং যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মৃধা প্রমুখ।
সমাবেশে ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: