• ঢাকা
  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৫২ পিএম;
নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন

সহকর্মী নৌবাহিনীর সদস্যদের গার্ড অব অনার প্রদান শেষে বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী ট্রোম্যান খীসার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের রামহড়ি পাড়ার স্কুল মাঠে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নৌ-বাহিনীর সদস্যরা গার্ড অব অনার ও শ্রদ্ধা নিবেদন করেন। পরে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।

গত ২০ সেপ্টেম্বর দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন বাংলাদেশ নৌবাহিনীর সদস্য ট্রোম্যান খীসা।

ট্রোম্যান খীসার স্বজনরা জানান, রোববার সকালে তার মরদেহ ঢাকার বিমানবন্দরে পৌঁছায়। এরপর আজ মরদেহ আনা হয় তার পৈতৃক নিবাস রাঙ্গামাটির নানিয়ারচরের রামহরি পাড়ায়। দুপুরে তার নিজ শিক্ষাপ্রতিষ্ঠান মহাপুরম উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয় এবং মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শেষ শ্রদ্ধা জানানো হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নৌবাহিনী প্রধান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানিয়েছেন সমবেদনা। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ট্রোম্যান খীসার অবদানের কথা স্মরণ করে জাতিসংঘ মহাসচিবের পক্ষে বিশেষ প্রতিনিধি এবং দক্ষিণ সুদানে নিয়োজিত শান্তিরক্ষা মিশনের প্রধানও তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর প্রয়াত ট্রোম্যান খীসার স্ত্রীর হাতে বাংলাদেশ নৌবাহিনী ও জাতিসংঘের পতাকা, ক্যাপ এবং মেডেল তুলে দেওয়া হয়। পরে বৌদ্ধ ধর্মীয় রীতি ও প্রথা অনুযায়ী শেষকৃত্য সম্পন্ন হয়। অনুষ্ঠানে নৌবাহিনীর কর্মকর্তা, সামরিক ও বেসামরিক সদস্য, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, সহকর্মী, পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

১৯৮৭ সালের ১৩ জুন রাঙ্গামাটির নানিয়ারচরের রামহরি পাড়ায় জন্মগ্রহণ করেন ট্রোম্যান খীসা। ২০০৬ সালের ১ জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক হিসেবে যোগ দেন তিনি। স্ত্রী, দুই কন্যা ও বৃদ্ধ পিতা-মাতাকে রেখে গেছেন তিনি।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন