রাঙ্গাবালীতে গর্তে হাত দেওয়ার পর অজ্ঞাত প্রাণীর কামড়ে শিশুর মৃত্যু
পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মাটির গর্তে হাত দেওয়ার পর অজ্ঞাত কোনো বিষাক্ত প্রাণীর কামড়ে রাইসা মনি (আড়াই বছর) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চরহেয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাইসা মনি সেনের হাওলা গ্রামের জেলে রাকিব মল্লিকের মেয়ে। জীবিকার তাগিদে রাকিব মল্লিক পরিবার নিয়ে বর্তমানে চরহেয়ার এলাকার একটি অস্থায়ী বসতিতে বসবাস করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল শিশু রাইসা। একপর্যায়ে সে অসাবধানতাবশত পাশের একটি গর্তের ভেতরে হাত দেয়। এ সময় গর্তের ভেতর থেকে কোনো এক অজ্ঞাত প্রাণী তার হাতে কামড় দেয়। শিশুটির চিৎকার করে দৌড়ে মায়ের কাছে যায়।
পরিবারের সদস্যরা তার হাতে কামড়ের চিহ্ন দেখে তাৎক্ষণিকভাবে সাবান দিয়ে ক্ষতস্থান ধুয়ে দেন। বিষয়টি সন্দেহজনক ও গুরুতর মনে হলে দ্রুত তাকে চিকিৎসার জন্য রাঙ্গাবালী উপজেলা সদরের উদ্দেশে রওনা দেন স্বজনরা। তবে হাসপাতালে নেওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়।
স্থানীয়দের ধারণা, গর্তে লুকিয়ে থাকা সাপ বা অন্য কোনো বিষাক্ত পোকামাকড়ের কামড়ে শিশুটির মৃত্যু হয়েছে। তবে ঠিক কী ধরনের প্রাণী কামড় দিয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: