• ঢাকা
  • সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. জাতীয়

দশমিনায় তেঁতুলিয়ার ভাঙনকবলিত ৭৮ পরিবারের মাঝে চাল বিতরণ


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:১০ পিএম;
দশমিনায় তেঁতুলিয়ার ভাঙনকবলিত ৭৮ পরিবারের মাঝে চাল বিতরণ

দশমিনায় তেঁতুলিয়ার ভাঙনকবলিত ৭৮ পরিবারের মাঝে চাল বিতরণ করলেন প্রতিমন্ত্রী মো. নুরুল হক

পটুয়াখালী প্রতিনিধিঃ

 

পটুয়াখালীর দশমিনা উপজেলায় তেঁতুলিয়া নদীর ভাঙনকবলিত হাজিরহাট এলাকা পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। এ সময় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭৮টি পরিবারের মাঝে পুনর্বাসন সহায়তা হিসেবে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

গত রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে প্রতিমন্ত্রী উপজেলার তেঁতুলিয়া নদী তীরবর্তী ভাঙনকবলিত হাজিরহাট এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত মানুষের হাতে সরকারি সহায়তার এই চাল তুলে দেওয়া হয়।

চাল বিতরণকালে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, “তেঁতুলিয়া নদীর ভাঙনকবলিত এলাকার মধ্যে হাজিরহাট, আউলিয়াপুর ও চরঘূর্ণী অন্যতম। এসব এলাকা ইতোমধ্যে সার্ভের আওতায় নেওয়া হয়েছে। সার্ভে কাজ শেষ হলেই তেঁতুলিয়া নদীশাসনে স্থায়ী ও টেকসই ব্যবস্থা নেওয়া হবে।”

নদীভাঙনে গৃহহীন মানুষদের পুনর্বাসন প্রসঙ্গে তিনি আরও বলেন, “ভাঙনে যাঁদের বসতভিটা বিলীন হয়েছে, তাঁদের পুনর্বাসনের জন্য সরকারি খাসজমি রয়েছে—এমন উপযুক্ত স্থান নির্বাচন করে দ্রুত স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে।” ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে বর্তমান সরকার সবসময় আন্তরিকভাবে পাশে রয়েছে বলে তিনি আশ্বাস দেন।

এর আগে প্রতিমন্ত্রী উপজেলার মৎস্য দপ্তরের আয়োজনে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) পুকুর এবং সরকারি খাল-বিলে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন। পরে তিনি দশমিনায় অবস্থিত দেশের চতুর্থ সার্ভে ইনস্টিটিউট—পটুয়াখালী ল্যান্ড সার্ভে ইনস্টিটিউট কলেজ পরিদর্শন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমরান হোসেন, প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) ডা. মো. শফিক উদ্দিন, উপপ্রকল্প পরিচালক ডা. মোহাম্মদ নজরুল ইসলাম, পটুয়াখালী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল লতিফ, পটুয়াখালী ল্যান্ড সার্ভে ইনস্টিটিউট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর মঞ্জুর মোর্শেদ, 
উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা তপন মজুমদার ও নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফেরদাউসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি ও সদস্যসচিব শাহ আলম শানু, গণঅধিকার পরিষদের ঢাকা উত্তর মহানগরের সহসভাপতি মো. মিজানুর রহমান, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি কালাম পঞ্চায়েত, যুবদলের সাবেক সদস্যসচিব শামিক খানসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন