কম্পানির ভুলে প্রায় ৪০ বিলিয়ন ডলারের বিটকয়েন গ্রাহকদের কাছে, অতঃপর...
দক্ষিণ কোরিয়ার একটি ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ ভুলবশত গ্রাহকদের মধ্যে ৪০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের বিটকয়েন বিতরণ করে দেয়। এর ফলে অল্প সময়ের জন্য বহু গ্রাহক কোটিপতিতে পরিণত হন।
প্রতিষ্ঠানটি গ্রাহকদের জন্য দুই হাজার উন (প্রায় ১.৩৭ ডলার) নগদ পুরস্কার দেওয়ার পরিকল্পনা করেছিল। তবে শুক্রবার প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রত্যেক গ্রাহকের হিসাবে দুই হাজার বিটকয়েন পাঠানো হয়।
বিথাম্ব নামের ওই প্ল্যাটফর্মটি ভুলের জন্য দুঃখ প্রকাশ করে জানায়, ঘটনা দ্রুত শনাক্ত করার পর তারা ভুলভাবে পাঠানো প্রায় সব টোকেন উদ্ধার করতে সক্ষম হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ত্রুটি ধরা পড়ার ৩৫ মিনিটের মধ্যেই ক্ষতিগ্রস্ত ৬৯৫ জন গ্রাহকের জন্য লেনদেন ও উত্তোলন সাময়িকভাবে স্থগিত করা হয়।
প্রতিষ্ঠানটির দাবি, ভুলবশত পাঠানো ছয় লাখ ২০ হাজার বিটকয়েনের মধ্যে ৯৯ দশমিক ৭ শতাংশ পুনরুদ্ধার করা হয়েছে। শুক্রবার দেওয়া এক বিবৃতিতে বিথাম্ব আরো জানায়, ‘এটি কোনো বাহ্যিক হ্যাকিং বা নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা নয়।
সিস্টেম নিরাপত্তা বা গ্রাহকের সম্পদ ব্যবস্থাপনায় কোনো সমস্যা নেই।’
এ ঘটনার পর শনিবার এক জরুরি বৈঠকে দক্ষিণ কোরিয়ার আর্থিক নিয়ন্ত্রক সংস্থা এফএসএস জানায়, তারা বিষয়টি পর্যালোচনা করবে। কোনো বেআইনি কার্যক্রমের প্রমাণ পাওয়া গেলে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।
নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে বিথাম্ব।
প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী লি জে-ওন বলেন, ‘এই ঘটনাকে আমরা একটি শিক্ষা হিসেবে গ্রহণ করব এবং ভবিষ্যতে বাহ্যিক সম্প্রসারণের চেয়ে গ্রাহকের আস্থা ও মানসিক স্বস্তিকে অগ্রাধিকার দেব।’
প্রতিষ্ঠানটি আরো জানায়, ঘটনার সময় প্ল্যাটফর্ম ব্যবহার করা সব গ্রাহককে ২০ হাজার উন ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি লেনদেন ফি মওকুফসহ আরো কিছু সুবিধা দেওয়া হবে।
ভবিষ্যতে এমন ভুল এড়াতে যাচাই–ব্যবস্থা জোরদার করা হবে এবং অস্বাভাবিক লেনদেন শনাক্তে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে বলেও জানিয়েছে বিথাম্ব।
বিশ্লেষকদের মতে, এ ঘটনা আর্থিক খাতে আরো কঠোর নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে আলোচনা উসকে দিতে পারে।এর আগে ২০২৪ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের ব্যাংক সিটিগ্রুপ ভুলবশত এক গ্রাহকের হিসাবে ২৮০ ডলারের পরিবর্তে ৮১ ট্রিলিয়ন ডলার জমা করেছিল। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়, দুই কর্মী ভুলটি ধরতে ব্যর্থ হলেও তৃতীয় এক কর্মীর নজরে আসার পর কয়েক ঘণ্টার মধ্যেই লেনদেনটি বাতিল করা হয়।
দৈনিক পুনরুত্থান /
এ সম্পর্কিত আরও পড়ুন
আপনার মতামত লিখুন: