• ঢাকা
  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertise your products here

  1. অপরাধ

নগরকান্দায় গলায় ফাঁস দিয়ে শিশু সন্তানকে হত্যার চেষ্টা, মা আটক


দৈনিক পুনরুত্থান ; প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:১১ এএম;
নগরকান্দায় গলায় ফাঁস দিয়ে শিশু সন্তানকে হত্যার চেষ্টা, মা আটক

ফরিদপুর জেলা প্রতিনিধি :

 

ফরিদপুরের নগরকান্দায় নিজের শিশু সন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্ত মা বিথী আক্তারকে (২৮) আটক ও দুই শিশু সন্তানকে হেফাজতে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) রাত ১১টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে বিথী আক্তারকে আটক করা হয়।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, মঙ্গলবার সন্ধ্যায় শিশু সন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করছেন মা, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে বিষয়টির খোঁজ নিতে পুলিশের একাধিক টিম মাঠে নামে। ভিডিওটিতে দেখা যায়, মা তার সন্তানকে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছেন।

ওসি আরও জানান, অনুসন্ধান করে দেখা যায়, ভিডিওটি উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রামের। পুলিশের অনুসন্ধান চলাকালীন সময়েই ভুক্তভোগী শিশুটির ফুফু থানায় ফোন দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মা বিথী আক্তারকে আটক করে থানায় নিয়ে আসে। পাশাপাশি দুই শিশু সন্তান আবীর (৯) ও তাবিরকে (৭)কে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
অভিযুক্ত মা বিথী আক্তারকে করা প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ওসি রাসুল সামদানী আজাদ জানান, বিথীর স্বামী আব্বাস আলী দীর্ঘ ৭ বছর যাবৎ মালদ্বীপে রয়েছেন। তিনি দেশে আসেন না। এ কারণে নিজের সন্তানকে গলায় ফাঁস দেওয়ার চেষ্টার ভিডিও করে স্বামীর কাছে পাঠানোর পরিকল্পনা করেন তিনি। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

দৈনিক পুনরুত্থান / পুনরুত্থান

এ সম্পর্কিত আরও পড়ুন